চাঁদপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে

আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর জেলায় এক সরকারি সফরে যাবেন। এ উপলক্ষে জেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রস্তুতির জোয়ার দেখা দিয়েছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, সফরকালে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি একটি জনসমাবেশে ভাষণ দেওয়ার কথাও রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফর আগে থেকেই ঘিরে রেখেছে প্রশাসনিক ব্যস্ততা। গত ২ মে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জেলা বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে চাঁদপুর সরকারি কলেজ মাঠ ও পৌর অডিটোরিয়াম পরিদর্শন করেন। সেখানে অবকাঠামো, নিরাপত্তা ও জনসমাগম ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

একই দিন রামপুর ও শাহমাহমুদপুর ইউনিয়নের বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি প্রস্তুতিমূলক বৈঠক করেন তিনি।

এর আগে, চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় প্রধানমন্ত্রীর উদ্বোধন করতে যাওয়া খাল পুনঃখনন প্রকল্পের স্থানটি সরেজমিনে দেখে যান শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা।

জেলা বিএনপির একাধিক নেতার বরাতে জানা গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একসময় উপস্থিত থেকে ঘোষেরহাটের এই খালটির খনন কাজের সূচনা করেছিলেন। পরবর্তী সময়ে অবহেলায় পড়ে থাকা খালটির পুনঃখনন উদ্যোগ নেওয়া হয়েছে এবার। প্রধানমন্ত্রী তারেক রহমান এই পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে স্থানীয় নেতারা জানান।

দবানি-বিডি/মে/২০২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *