‘শেখ হাসিনাকে ফেরত না দিলেও দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকবে’

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দিলেও দিল্লির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ইস্যু ছাড়াও দুই দেশের অনেক স্বার্থসংশ্লিষ্ট বিষয় রয়েছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে সামনে এগিয়ে যাব। এ সময় গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলেও জানান তিনি।

এক প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, ভারত, চীন ও যুক্তরাষ্ট্র সবার সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে। এই তিন দেশের সঙ্গেই আমাদের স্বার্থ আছে, এই তিন দেশই আমাদের অগ্রাধিকারে থাকবে। আরেক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, নতুন বছরে আমাদের অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গা ইস্যুর সমাধান, এই তিন দেশের সঙ্গে অর্থনৈতিক-কূটনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা ও ভালো অবস্থা সৃষ্টি করা। জুলাই অভ্যুত্থানের বিষয়ে ঢাকা সফর করে যাওয়া জাতিসংঘের তদন্ত কমিটিকে বিভিন্ন সংস্থা থেকে সহায়তা করার কথা। তবে বেশ কয়েকটি সংস্থা এখনো প্রতিবেদন জমা দেয়নি। এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমি আশা করি, জানুয়ারির মধ্যে সব রিপোর্ট পেয়ে যাব। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাখাইনের পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং। কারণ সেখানকার গ্রাউন্ড রিয়েলেটির পরিবর্তন হয়ে গেছে। আমি যখন সরকারের বাইরে ছিলাম, তখন এ নিয়ে অনেক কথা বলেছি। এখন বলতে চাই, এই মানুষগুলোকে (রোহিঙ্গাদের) অধিকার ও নিরাপত্তার সঙ্গে ফেরত পাঠানো। কেননা এটা না হলে, তারা ফেরত যেতে রাজি হবেন না। আরেক প্রশ্নের উত্তরে উপদেষ্টা তৌহিদ বলেন, আমি চীনে যাচ্ছি। চীন যেহেতু আমাকে ইনভাইট করেছে, তাই যাচ্ছি। আমাদের অনেক ইস্যু রয়েছে আলোচনার। তবে সেসব ইস্যু এখনই বলতে চাই না। আগামী ২০ জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা চীনে যাচ্ছেন।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *