এক-দুই মাসের মধ্যে ছাত্র-জনতার রাজনৈতিক দলের ঘোষণা : নাসীরুদ্দীন পাটওয়ারী

আগামী এক-দুই মাসের মধ্যেই ছাত্র-জনতার পক্ষ থেকে রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।আজ সোমবার বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‌‘আমরা জাতীয় নাগরিক কমিটি এখনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করিনি। আমরা একটি রাজনৈতিক উদ্যোগ, যে উদ্যোগগুলো ২৪–এর গণ–অভ্যুত্থানের মধ্যে অনেকগুলো শক্তি মাঠে এসেছিল, যারা আওয়ামী ফ্যাসিবাদকে পরাজিত করেছিল এবং যারা বাংলাদেশকে নতুনভাবে সাজাতে চায়, চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে মুক্ত করে বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে চায়। আগামীর বাংলাদেশকে সুন্দরভাবে স্বপ্নভূমি দক্ষিণ এশিয়া এবং বিশ্বমঞ্চে উপস্থাপন করতে চায়। সে জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামী এক–দুই মাসের মধ্যে বাংলাদেশে একটি সুন্দর রাজনৈতিক দল উপহার দেবে।’

তিনি আরও বলেন, ‘২০২৪–এর বিচারের আগে যদি নির্বাচন হয়, তাহলে দুই হাজার শহীদ এবং লাখ লাখ মানুষ, যারা আহত হয়েছেন, তাদের রক্তের সঙ্গে বেইমানি হবে। এ জন্য সব দল, মত, পক্ষ, গোষ্ঠীকে আমরা আহ্বান জানাব, আপনারা বিচারকার্যের জন্য সক্রিয় হন এবং বাংলাদেশের স্বপ্ন পূরণ করুন।’

 

           দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *