বিসিএসের প্রশ্নফাঁস : পিএসসির দুই কর্মচারী ৫ দিনের রিমান্ডে

 

বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেফতার বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) পরিচ্ছন্নতা কর্মী রুপন চন্দ্র দাস ও বিজ্ঞান শাখার অফিস সহকারী মো. আব্দুল আজিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

 

মঙ্গলবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।

এ দিন এই দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের উপস্থিতিতে শুনানি হয়।

এ সময় রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন আসামিপক্ষ। অন্যদিকে, জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন আদালত।

গত ১৭ ডিসেম্বর আগারগাঁওয়ের পিএসসি প্রধান কার্যালয়ের সামনে থেকে রুপন চন্দ্র দাস ও আব্দুল আজিমকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল, পিএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার্থীদের প্রবেশপত্র, বিভিন্ন ব্যাংকের চেক ও নগদ টাকা উদ্ধার করা হয়। পর দিন গত ১৮ ডিসেম্বর তাদের আদালতে হাজির করা হয়।

সেদিন তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একইসঙ্গে রিমান্ড শুনানির জন্য ২৪ ডিসেম্বর দিন ধার্য করেন।

এর আগে, ৮ জুলাই রাজধানীর পল্টন থানায় পিএসসি আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন সিআইডির উপপরিদর্শক নিপ্পন চন্দ্র চন্দ। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করা হয়।

মামলা দায়েরের পর এখন পর্যন্ত পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনসহ ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *