সাতসকালে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল কিয়েভ, নিহত ১

ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলার পর আগুন নেভাতে কাজ করছেন ইউক্রেনের ফায়ার সার্ভিসের সদস্যরা। কিয়েভ, ইউক্রেন, ২০ ডিসেম্বর ২০২৪।

ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ শুক্রবার সকালে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

ক্রমিক রুশ হামলায় কিয়েভ কেঁপে ওঠে। একের পর এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিয়েভের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

কিয়েভে রুশ হামলায় অন্তত একজনের নিহত হওয়ার তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া গেছে।

প্রাথমিক তথ্যের বরাত দিয়ে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেন, শুক্রবার সকালে ইউক্রেনের রাজধানীতে আটটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত একজন নিহত হয়েছেন।

সেরহি পপকো আরও বলেন, সকালের এই ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। হামলায় একটি অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসনের বরাতে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল সাতটার দিকে এই হামলা চালানো হয়।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, শত্রুর হামলায় আহত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিয়েভের চারটি এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে গাড়ি ও ভবনে আগুন ধরে যায়। সব জায়গাতেই জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

অবশ্য হামলার আগেই ইউক্রেনের বিমানবাহিনী কিয়েভের বাসিন্দাদের সতর্ক করছিল। তারা বলেছিল, উত্তর দিক থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *