মধুমতি নদীতে মায়ের সঙ্গে গোসলে নেমে মেয়ে নিখোঁজ

গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহে মধুমতি নদীতে মায়ের সঙ্গে গোসল করতে নেমে ১২ বছর বয়সী সাফিয়া স্রোতের টানে ভেসে গেছে।

রবিবার দুপুরে উপজেলার মানিকদাহ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মধুমতি নদীতে গোসলে নামলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ওই মেয়ের বাবার নাম লালন শেখ। তাদের বাড়ি নড়াইল জেলার নড়াগাতিতে। ঈদের ছুটিতে তারা মায়ের সঙ্গে মামা আব্দুর রহমানের বাড়িতে বেড়াতে এসেছিল।

জানা গেছে, দুপুরে মধুমতি নদীতে দুই ছেলে-মেয়েকে নিয়ে মা খুশি বেগম গোসল করতে নামেন। কিন্তু, নদীতে অতিরিক্ত স্রোত থাকায় তারা তিনজনই পানিতে তলিয়ে যান। মা কোনোরকমে ছেলে সাকিব শেখকে নিয়ে তীরে উঠতে সক্ষম হলেও মেয়ে সাফিয়া পানির তোড়ে ভেসে যায়।

বিকেলে খবর পেয়ে মাদারীপুর থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে নামে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত ডুবুরি দল নিখোঁজ সাফিয়াকে উদ্ধার করতে পারেনি।

মাদারীপুর সদর ফায়ার স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার মো. রিয়াজুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে মাদারীপুর থেকে বিকেলে ঘটনাস্থলে আসি। ভিকটিমকে অনেক খোঁজাখুঁজির পরও উদ্ধার করা সম্ভব হয়নি।

দৈনিক বিডি নিউজ / তাহেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *