দিনাজপুরের বিরামপুর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুইব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার দুপুরে বিরামপুর থানায় তাদের হস্তান্তর করা হয়। এর আগে, মঙ্গলবার বিকেলে বিরামপুর উপজেলার রাণীনগর সীমান্তে মেইন পিলার ২৯৬ এলাকার চারশ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ফারাতলী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাহজাহান ভুঁইয়া (৩৪) ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চংগাপাশা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মাসুম বিল্লাহ (৩৫)।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, আটককৃতরা গার্মেন্টস কর্মী। তারা ভুটানে গার্মেন্টসে কাজ করার উদ্দেশ্যে অবৈধভাবে যাওয়ার জন্য বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। তাদের নামে পাসপোর্ট আইনে মামলা হয়েছে।
দৈনিক বিডি নিউজ / সাইফুল