গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, কারখানার প্রধান গেটে তালা

বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ|

গাজীপুরের কোনাবাড়ীতে তুসুকা গ্রুপের শ্রমিকরা রোববার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে। শ্রমিকরা বকেয়া পরিশোধ, ছুটি সংক্রান্ত বিষয় ও শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি আদায়ে তারা কারখানার প্রধান গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। সকল দাবি পূরণ না হলে এ বিক্ষোভ ও কর্মবিরতি লাগাতার চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।

রোববার (২০ এপ্রিল) সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি শুরু করে কারখানার ভেতরেই বিক্ষোভ করেছে শ্রমিকরা। কারখানার বাইরে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে শ্রমিকরা তাদের দাবি দাওয়া নিয়ে শনিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করে। পরে একপর্যায়ে তারা কাজে যোগদান করে। পরবর্তীতে দুপুর ২টা থেকে তারা আবারো একই দাবিতে কর্মবিরতি শুরু করে। বিকেল ৫টার দিকে কারখানা ছুটি হলে শ্রমিকরা বাসায় চলে যায়।

পরে কারখানা কর্তৃপক্ষ তাদের দাবির সাথে একাগ্রতা প্রকাশ করে কারখানা গেটে একটি নোটিশ সাঁটিয়ে দেয় এবং তাদের অধিকাংশ যৌক্তিক দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়।

শ্রমিকদের দাবি, বিজিএমইএ কাঠামো অনুযায়ী বেতন কাঠামোর শত ভাগ গ্রেডিং করতে হবে, ঈদের ছুটিতে কোনো জেনারেল কাটানো যাবে না, বাৎসরিক পিকনিকের আয়োজন করতে হবে। উপকার স্বজন প্রীতি চলবে না, কারখানায় যোগদান অনুযায়ী ছুটির টাকা প্রদান করতে হবে, যে পাওনা আছে তা চলতি মাসে পরিশোধ করতে হবে। এছাড়াও শ্রমিক ছাঁটাই বন্ধ করাসহ আরো বেশ কিছু দাবি জানিয়ে শ্রমিকরা বিক্ষোভ করছেন।

তুসুকা গ্রুপের পরিচালক মো: তারেক হাসান বলেন, শ্রমিকদের গতকাল যে দাবি ছিল তা পুরোপুরি মেনে নিয়ে আমরা নোটিশ দিয়েছি। আজ খোলা রাখা হয়েছিল তবুও তারা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করছেন। আমরা কোনো শ্রমিক ছাঁটাই করি না এবং শ্রমিক আইন অনুযায়ী সবকিছুই করা হয়ে থাকে। তবে আন্দোলনের পেছনে বহিরাগতদের উসকানি রয়েছে। এদিন শ্রমিকরা কারখানার প্রধান গেটসহ বিভিন্ন জায়গায় তালা লাগিয়ে দেয় বলে জানান তারা।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন আহমেদ জানান, কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করছে। কারখানার সামনে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

দৈনিক বিডি নিউজ / তাহেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *