সিলেটে মহান বিজয় দিবস পালিত

 

সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়। দিনভর ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মুক্তিযোদ্ধা সংসদ। পরে একে একে সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশন, পুলিশ সুপার, এসপি আরআরএফ কমান্ডেন্ট ও এসপি এপিবিএন’র পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এরপর সিলেট জেলা, মহানগর বিএনপি ও ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক, ক্রীড়া ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের মানুষের ঢল নামে।

এদিকে বিজয় দিবস উপলক্ষে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া বিজয় দিবস উপলক্ষে সিলেটে জেলা ও উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়।

         

দৈনিক বিডি নিউজ / সাইফুল

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *