হঠাৎ টি-টোয়েন্টি দলে ডাক পেলেন নাহিদ রানা

 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছিলেন নাহিদ রানাকে টি-টোয়েন্টি দলে যুক্ত করার কথা। শুরুতে টি-টোয়েন্টি দল ঘোষণা হলেও সেখানে ছিলেন না রানা।

তবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন আজ রবিবার এই গতিময় পেসারকে দলে ভেড়ানো হলো। রানার টি-টোয়েন্টি অভিষেক ক্যারিবিয়ান দ্বীপেই হওয়ার সম্ভাবনা রয়েছে।

নাহিদকে স্কোয়াডে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ফাস্ট বোলার নাহিদ রানাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নাহিদ ছাড়াও দলে প্রথমবার ডাক পেয়েছেন পেসার রিপন মণ্ডল। এশিয়ান গেমসে আন্তর্জাতিক ম্যাচ খেললেও এবারই লাল সবুজের জার্সিতে প্রথম ডাক পেলেন। এছাড়া, পেস বিভাগে আছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

সেন্ট ভিনসেন্টে সিরিজের তিন টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড : লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম,  আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মণ্ডল ও নাহিদ রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *