বুমরাহ না থাকলে অস্ট্রেলিয়া-ভারত সিরিজ একপেশে হতো : ম্যাকগ্রা

 

চলমান বর্ডার-গাভাস্কার ট্রফিতে হাড্ডাহাড্ডি লড়াই জমিয়ে তুলেছে অস্ট্রেলিয়া ও ভারত। চার ম্যাচ শেষে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। তবে, ভারতের হাতে এখনও সুযোগ আছে পঞ্চম ম্যাচ জিতে সিরিজ সমতায় শেষ করে ট্রফি ধরে রাখার। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজে এখনও টিকে থাকার পেছনে মূল ভূমিকা রাখছেন পেসার জাসপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রার মতে, বুমরাহ না থাকলে এই সিরিজ একপেশে হতো।

আগামীকাল শুক্রবার সিডনিতে শুরু হচ্ছে বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্ট। এই মুহূর্তে সিরিজে ভারত পিছিয়ে থাকলেও সিরিজের প্রথম ম্যাচেই জয় পেয়েছিল ভারত। রোহিত শর্মা সেই ম্যাচে না থাকায় ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। সেই ম্যাচে দুর্দান্ত বোলিংও করেছিলেন তিনি।

সিরিজে পরের তিন ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন বুমরাহ। এখন পর্যন্ত ৪ টেস্টে ৩০ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। তার ধারেকাছেও নেই কেউ। সমান ম্যাচ খেলে ২০ উইকেট নিয়ে তালিকায় দুইয়ে আছেন প্যাট কামিন্স।

ম্যাকগ্রা বলেন, সে (বুমরাহ) ভারত দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যদের একজন। তাকে ছাড়া সিরিজটি আরও একপেশে হতে পারত। সে যা করে, তা বিশেষ কিছু। ভয়ংকর এক তরুণ, যে মানিয়ে নেওয়ার পথ খুঁজে পেয়েছে। শেষ কয়েক ধাপে সে যেভাবে বোলিংয়ে শক্তি যোগ করে, তা সত্যিই অবিশ্বাস্য।

২০২৪ সালটা দুর্দান্ত কেটেছে বুমরাহর। তিন ফরম্যাট মিলিয়ে ৮৬ উইকেট নিয়েছেন তিনি। যেখানে টেস্টেই তিনি নিয়েছেন ৭১ উইকেট। র‍্যাঙ্কিংয়ে ভারতের ইতিহাসে সর্বোচ্চ ৯০৭ রেটিং পয়েন্ট নিয়ে আছেন শীর্ষে।

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *