আলজারি জোসেফ
গত রবিবার প্রথম ওয়ানডে ম্যাচ শুরুর আগে আম্পায়ারের সঙ্গে খারাপ আচরণ করেন ক্যারিবীয় পেসার আলজারি জোসেফ। যে আচরণের কারণে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে জোসেফকে। সেন্ট কিটসে দ্বিতীয় ওয়ানডে শুরুর ঘণ্টা দেড়েক আগে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জোসেফের শাস্তির কথা জানায় আইসিসি।
অবশ্য দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ একাদশেও রাখা হয়নি জোসেফকে। এর সঙ্গে অবশ্য শাস্তির সম্পর্ক থাকার কথা না। এটা ওয়েস্ট ইন্ডিজের কৌশলগত সিদ্ধান্ত বলেই টসের পর জানান অধিনায়ক শাই হোপ। জোসেফের বদলে একাদশে ছিলেন আরেক পেসার মারকুইনো মিন্ডলে।
উল্লেখ্য, গত রবিবার সেন্ট কিটসেই প্রথম ওয়ানডে শুরুর আগে বুট পরে পিচের ওপর হাঁটছিলেন জোসেফ। এ সময় তাকে থামানোর চেষ্টা করেন চতুর্থ আম্পায়ার গ্রেগরি ব্রাফেট। সে সময় আম্পায়ারের সঙ্গে খারাপ আচরণ করেন ওয়েস্ট ইন্ডিয়ান এই পেসার।
পরে ম্যাচের দুই আম্পায়ার কুমার ধার্মাসেনা ও লেজলি রিফার, টিভি আম্পায়ার আসিফ ইয়াকুব ও চতুর্থ আম্পায়ার গ্রেগরি ব্রাফেট তাঁদের প্রতিবেদনে এ ঘটনার কথা উল্লেখ করে জোসেফের বিরুদ্ধে অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতেই জোসেফকে শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো।