স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে : আমিনুল হক

 

আওয়ামী স্বৈরাচারের দোসররাই দেশের ভেতরে থেকে বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার গুলশান-২ নম্বর গোল চত্বরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও পতিত স্বৈরাচারের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে গুলশান বনানী ভাষানটেক ক্যান্টনমেন্ট থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, আমরা আশা করেছিলাম, আপনারা দ্রুত সময়ের ভিতরে আওয়ামী লীগের স্বৈরাচারদের নির্মূল করবেন; কিন্তু আমরা জানি না কোন অজানা অদৃশ্যের কারণে আপনারা এখনো সেই আওয়ামী লীগের দোসরদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নির্দিষ্ট জায়গায় বসিয়ে রেখেছেন।

তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের কোমর ভেঙে দিয়ে ধ্বংস করে দিয়ে গেছে। সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে রক্ষার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রূপরেখা দিয়েছেন। একটি সুন্দর বাংলাদেশ গড়তে ৩১ দফার রূপরেখার বিকল্প নেই।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে আমাদের বহু ভাইয়েরা গুম, খুন ও হত্যার স্বীকার হয়েছেন এবং গত জুলাই আগস্টের ছাত্রজনতার গণআন্দোলনে আমাদের বহু বিএনপির নেতাকর্মীদের গুলি করে হত্যা করা হয়েছে; আমরা কিন্তু তা এখনো ভুলে যাইনি।

বাংলাদেশে আর কোনো ষড়যন্ত্রকারী কোনো স্বৈরাচারের স্থান হবে না উল্লেখ করে আমিনুল হক অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন, আপনি ভুল করলে সেই ভুলের জন্য জনগণের কাছে আপনাকেও মাশুল দিতে হবে, জবাবদিহিতা করতে হবে।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *