সারা দেশে সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ মানববন্ধন শেষে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের নামফলক লাল কাপড়ে ঢেকে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

ছয় দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মানববন্ধন। 

ছয় দফা দাবিতে আজ রোববার সারা দেশে মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ সমাবেশ হবে।

গতকাল শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়। মানববন্ধন শেষে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের নামফলক লাল কাপড়ে ঢেকে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল তাঁদের কর্মসূচি ছিল ‘রাইজ ইন রেড’। কর্মসূচি পালনকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘মামা থেকে মাস্টার, মামাবাড়ির আবদার’, ‘এক হও এক হও, পলিটেকনিক এক হও’, ‘ষড়যন্ত্রের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব দাও’ এমন বিভিন্ন স্লোগান দেন।

কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম মানববন্ধনে বলেন, আগামীকাল (রোববার) মহাসমাবেশের মাধ্যমে পলিটেকনিক শিক্ষার্থীরা ছয় দফা দাবি বাস্তবায়নে চূড়ান্ত সময়সীমা ঘোষণা করবেন।

বৃহস্পতিবার শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) রেহানা ইয়াছমিনের বৈঠক হয়, কিন্তু তাতে শিক্ষার্থীরা সন্তুষ্ট হননি। এ অবস্থায় তাঁরা আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

প্রসঙ্গত, পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে প্রথমটি হলো, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে। এ ছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।

ঢাকার বাইরে বিক্ষোভ সমাবেশ

গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল বেলা সাড়ে ১১টায় শহরের শিববাড়ী মোড়ে শিমুলতলী-শিববাড়ী সড়ক অবরোধ করে তাঁরা এ কর্মসূচি করেন। সকাল ১০টার দিকে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নগরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। মিছিলটি বেলা সাড়ে ১১টার দিকে শিববাড়ী মোড়ে পৌঁছালে তাঁরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। দুপুর সাড়ে ১২টার দিকে সমাবেশ শেষ করে তাঁরা ফিরে যান।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর শহরের বায়তুল আমান এলাকায় অবস্থিত ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে‌ কর্মসূচি পালিত হয়। ফরিদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে রাস্তায় মানববন্ধন পালন করা হয় ও মানববন্ধন–পরবর্তী প্রতিষ্ঠানের মূল ফটক অনির্দিষ্টকালের জন্য লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়।

গতকাল বেলা একটার দিকে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরের চৌমাথা এলাকায় এসে জড়ো হন। সেখান ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন ও সমাবেশ করেন তাঁরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দাবির পক্ষে অবস্থান নেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা দাবি আদায় না করে রাজপথ ছাড়ব না।’ বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলেন, ‘আমরা এই হামলাকারীদের বিচার চাই।’

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *