রিমান্ড শেষে কারাগারে কামরুল

 

রাজধানীর পল্টন থানায় করা যুবদল নেতা শামীম মিয়া হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন দুপুরে কড়া নিরাপত্তায় ৪ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের এসআই ফেরদৌস আলম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী প্রাণনাথ তাদের জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করেন।

শুনানি শেষে বিচারক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

যুবদল নেতা শামীম মিয়া হত্যা মামলার এজাহারে কামরুলের নাম রয়েছে। গত ১৮ ডিসেম্বর এ মামলায় তাকে রিমান্ডে পায় পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন আওয়ামী লীগও পালটা সমাবেশ ডেকেছিল।

ওই দিন বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম মিয়া নিহত হন। এ ঘটনায় চলতি বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *