রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে বিএনপিকে অবস্থান স্পষ্ট করতে বললেন হাসনাত

রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুতে বিএনপির অবস্থান স্পষ্ট করতে বললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আজ বুধবার সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বিভিন্ন রাজনৈতিক দল সংবিধানের দোহাই দিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে বহাল রাখতে চায়। ৭২-এর সংবিধান বাকশালীয় সংবিধান। গণঅভ্যুত্থানের পর এটি আর প্রাসঙ্গিক নয়। যারা গণঅভ্যুত্থানের পক্ষে তারা ৭২-এর সংবিধানের পক্ষে থাকতে পারে না।’

রাষ্ট্রপতির ইস্যুতে বিএনপির দুই নেতার দুই রকম বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বিভিন্ন রাজনৈতিক দল সংবিধানের দোহাই দিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে বহাল রাখতে চায়। যা ২৪ পরবর্তী বাংলাদেশের সঙ্গে যায় না। ফ্যাসিবাদের পক্ষের কোনো শক্তিকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। ৭২-এর সংবিধান বাতিল ও রাষ্ট্রপতির পদচ্যুতির বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে।’

নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, ‘বিদ্যমান সংবিধান অনতিবিলম্বে বাতিল করে ২৪-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন সংবিধান লিখতে হবে। ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এ সপ্তাহের মধ্যেই আজীবন নিষিদ্ধ করতে হবে এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে এই সপ্তাহের মধ্যে পদচ্যুত করতে হবে।’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাওয়ের দাবির প্রতি সমর্থন জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যারা বঙ্গভবন ঘেরাও করছেন তাদের দাবির সঙ্গে একমত আমরা, কিন্তু তাদের প্রক্রিয়াতে আপত্তি আছে।’ এ সময় আন্দোলনকারীদের বঙ্গভবনের সামনে থেকে সরে যাওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *