মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন

 

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোর পৌনে ৬টায় আগুন জ্বলতে দেখা গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।

 

ভোর সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের কারণে প্রচুর ধোঁয়া ও তাপ সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এর আগে, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে এ আগুন লাগে। খবর পেয়ে রাত ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে ১০টি ইউনিট কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

সচিবালয়ের সাত নম্বর ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সহ বিভাগের অফিস রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, সচিবালয়ের সাত নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।

এদিকে, ভয়াবহ আগুন লাগার এ ঘটনায় ভবনের নিরাপত্তা ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজে সহায়তায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএনের সদস্যরাও সেখানে ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন।

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *