রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আলহামুদি এসব তথ্য জানান।
পরে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউএই সরকারের সঙ্গে বিশেষ দূতের সক্রিয় সম্পৃক্ততার প্রশংসা করেন। ভিসা সহজিকরণ থেকে বিনিয়োগ সহযোগিতা পর্যন্ত বিভিন্ন ইস্যুতে অর্ধডজনের বেশি মন্ত্রী পর্যায়ের বৈঠকের কথা উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রদূত জানান, একটি বড় অগ্রগতির অংশ হিসেবে মানবসম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইনে ভিসা আবেদন প্রক্রিয়া পুনরায় চালু করেছে ইউএই।
আব্দুল্লাহ আলি আলহামুদি বলেন, সম্প্রতি বিপণন ব্যবস্থাপক ও হোটেল কর্মীদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে। নিরাপত্তা প্রহরীদের জন্য এরই মধ্যে ৫০০ ভিসা দেওয়া হয়েছে এবং আরও এক হাজার ভিসা অনুমোদন হয়ে ইস্যুর অপেক্ষায়। ভবিষ্যতে ধাপে ধাপে বাংলাদেশিদের জন্য ভিসা সীমাবদ্ধতা আরও শিথিল করা হবে বলে আশা করা হচ্ছে।
তিনি জানান, মানবিক ও সহানুভূতিশীল ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে অনুরোধগুলো জানাবে, সেগুলো বিবেচনায় ইউএই নমনীয়তা বজায় রাখবে।
দৈনিক বিডি নিউজ / তাহেরা