বড়দিনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : সিটিটিসি প্রধান

 

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বড়দিন উদযাপিত হবে আগামীকাল বুধবার। দিনটি উপলক্ষ্যে নিরাপত্তা ঝুঁকির কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম।

 

মঙ্গলবার রাজধানীর কাকরাইলে সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে বড়দিনের সার্বিক নিরাপত্তা মহড়া পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

মাসুদ করিম বলেন, নগরীর প্রতিটি চার্চে সাদা পোশাকে ও ইউনিফর্মে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এই উৎসবকে ঘিরে সোয়াট, বোম্ব ডিসপোজাল টিমসহ স্পেশালাইজড ইউনিটগুলো দায়িত্ব পালন করবে। বর্তমানে সেনাবাহিনী আমাদের সঙ্গে আছে। তারাও মাঠ পর্যায়ে কাজ করছে। সবার সহযোগিতায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন হবে।

বড়দিন উপলক্ষ্যে নিরাপত্তা ঝুঁকি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য নেই, আমরা অত্যন্ত সতর্ক আছি। প্রতিবারের মতো এবারও বড়দিন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।

এর আগে, সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে উদ্ভূত জরুরি পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে তার একটি মহড়া প্রদর্শন করে ডিএমপির সিটিটিসির সোয়াট, বোম্ব ডিসপোজাল টিম ও কে-নাইন টিম।

এ সময় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তা, সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের ফাদার উপস্থিত ছিলেন।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *