‘বই ছাপাতে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের তালিকা করা হচ্ছে’

 

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বিনামূল্যের পাঠ্যবই প্রকাশ করতে অনেক ষড়যন্ত্র মোকাবিলা করতে হয়েছে। যারা বই ছাপাতে প্রতিবন্ধকতা তৈরি করেছেন তাদের তালিকা করা হচ্ছে।

 

বুধবার সকালে তিনি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন ও ইএফটি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, বই ছাপা বাণিজ্য বা একচেটিয়া ব্যবসাকে উন্মুক্ত করে আরও সুশৃঙ্খল করার চেষ্টা থাকবে। বেশ কয়েক বছর ধরে মুদ্রণ শিল্পের ব্যবসায়ীদের সঙ্গে জড়িত হয়ে যারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল, তাদের অনেককে বদলি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে আগের কর্মকর্তা-কর্মচারীরা যারা দুর্নীতিগ্রস্ত ছিল, তাদের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য দুদককে বলা হবে।

বই বিতরণের ক্ষেত্রে অনেক জায়গায় বাধার সম্মুখীন হতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগের বাজারমূল্যে বই ছাপা হয়েছে। যারা আমাদের কাজে প্রতিবন্ধকতা তৈরি করেছে, তাদের তালিকা করে আগামী বছর যারা সরকারে থাকবেন, তাদের দেওয়া হবে।

দলীয় রাজনীতি নিরপেক্ষভাবে যেন বইয়ে থাকে, সেভাবেই শুদ্ধ বা পরিমার্জন করা হয়েছে জানিয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, আগে নবম ও দশম শ্রেণিতে শুধু সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞান পড়ানো হতো। এখন উচ্চতর গণিত ও উচ্চতর বিজ্ঞানও পড়ানো হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার শিক্ষাবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, এসসিটিবি চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এ বি এম রেজাউল করীম।

সারা দেশে নতুন শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শুরু হয়েছে আজ ১ জানুয়ারি। এজন্য গত কয়েকদিন ধরেই স্কুলগুলোতে বই পাঠানো হয়। স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সুশৃঙ্খলভাবে বই বিতরণ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন। প্রথম দিন থেকে প্রাথমিকের সব পাঠ্যবই ও মাধ্যমিকের তিনটি আবশ্যিক বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা ও অবসর সুবিধা দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার (ইএফটি) কার্যক্রমও উদ্বোধন করা হয়।

দৈনিক বিডি নিউজ / সাইফুল

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *