দুদকের মামলায় গিয়াস উদ্দিন মামুনের খালাসের রায় বহাল

 

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।

এ বিষয়ে মামুনের আপিল মঞ্জুর করে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ এ রায় দেয়।

গিয়াস উদ্দিন আল মামুনের আইনজীবী সাব্বির হামজা চৌধুরী বলেন, আপিল বিভাগ আবেদন মঞ্জুর করায় হাইকোর্টের খালাসের রায় বহাল রয়েছে।

২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি দুদকের নোটিশের পরিপ্রেক্ষিতে সম্পদের হিসাব দাখিল না করায় একই সালের ৮ মে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করে। মামলায় মামুনের বিরুদ্ধে ১০১ কোটি ৭৩ লাখ ৭৩ হাজার ৩৬৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

এ মামলায় ২০০৮ সালের ২৭ মার্চ বিচারিক আদালত মামুনকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অনাদায়ে আরো এক বছরের দণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চে ২০১২ সালের ৩০ জুলাই খালাস পায় মামুন।

হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে পরে লিভ টু আপিল করে দুদক। ২০১৫ সালের ১ নভেম্বর হাইকোর্টের খালাসের রায় বাতিল করেন আপিল বিভাগ। একই সঙ্গে মামলার পুনরায় আপিল শুনানির জন্য নির্দেশ দেওয়া হয়।

আপিল বিভাগের ওই আদেশ রিভিউ চেয়ে গিয়াস উদ্দিন মামুন আবেদন করেন। আপিল বিভাগ তার রিভিউ মঞ্জুর করলে তিনি আপিল করেন। আজ সেই আপিল মঞ্জুর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *