যেখানে পরিবেশ সংকট প্রতিদিন প্রকট হচ্ছে, সেখানে সৃজনশীল গল্প বলা ও চিত্রশিল্প ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতিবান্ধব করে গড়ে তুলতে পারে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ছবির গল্প শুধুই বিনোদন নয়, এটি আমাদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির অ্যালায়েন্স ফ্রঁসেজ দে ঢাকায় অনুষ্ঠিত ‘ইকরিমিকরি : এক কল্পনার জগৎ-ছবির বইয়ের দুনিয়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ছবির বই শুধু ছবি আর গল্প নয়। এগুলো শিশুর মনে সহমর্মিতা, কৌতূহল ও প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করে। বন্যপ্রাণী ও প্রকৃতির সৌন্দর্য শিশুদের কাছে তুলে ধরলে, তারা পরিবেশের রক্ষক হয়ে উঠবে।
তিনি আহ্বান জানিয়ে বলেন, শিশুরা প্রকৃতিকে যেন ভয় না পায়, বরং ভালোবেসে বড় হয়।
অনুষ্ঠানে শিশুদের জন্য প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণী নিয়ে আঁকা অসাধারণ সব ছবি প্রদর্শিত হয়। এতে শিশুরা যেমন আনন্দ পায়, তেমনি জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়েও সহজভাবে ধারণা লাভ করে।
সৈয়দা রিজওয়ানা হাসান এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ সৃজনশীলতা ও পরিবেশ সচেতনতার মিলনস্থল তৈরি করে।
পরিবেশ উপদেষ্টা প্রদর্শনী ঘুরে দেখেন এবং উপস্থিত শিশু, অভিভাবক, শিল্পী ও আয়োজকদের সাথে মতবিনিময় করেন।
দৈনিক বিডি নিউজ / তাহেরা