আন্তর্জাতিক প্রোপাগান্ডা রোধে বিএনপির নেতা–কর্মীদের কাজ করার তাগিদ মির্জা ফখরুলের

লন্ডনের সারে এলাকার গিলফোর্ড হারবার হোটেলে যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছবি.

বাংলাদেশ ও বিএনপির বিরুদ্ধে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেসব প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, তা প্রতিরোধে বিএনপির নেতা–কর্মীদের সাইবার জগতে জোরালো ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন শুধু স্লোগান দেওয়ার রাজনীতি নয়, এখন তথ্যপ্রযুক্তির মাধ্যমে মিথ্যা ও অপতথ্যের বিরুদ্ধে সাইবার জগতে যুদ্ধ করতে হবে।

যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় মির্জা ফখরুল এ কথা বলেন। গতকাল মঙ্গলবার লন্ডনের সারে এলাকার গিলফোর্ড হারবার হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, ‘যুক্তরাজ্যের পার্লামেন্টে চারজন ব্রিটিশ এমপি বিএনপি ও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন। তার মানে, আমরা এখানে ব্যর্থ হয়েছি। আমরা সঠিক চিত্রটা তাদের কাছে পৌঁছাতে পারিনি। এই জায়গাটায় আমাদের সজাগ ও সতর্ক হতে হবে।’

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক সভায় সভাপতিত্ব করেন। দলের সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন। মতবিনিময় সভায় যুক্তরাজ্যের প্রতিটি শহর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *