বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা নন। শেখ হাসিনাকে ভারত ফ্লাট করেছিল তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এবং শেখ হাসিনা ভারতের নির্দেশনায় যা যা দরকার ছিল সব দিয়েছে। তিনি নিজেই স্বীকার করেছেন, আমি যা ভারতকে দিয়েছি ভারত কখনোই ভুলতে পারবে না। এটা কোনো দেশপ্রেমিক রাজনীতিবিদের বক্তব্য হতে পারে না।
তিনি আরো বলেন, এই হাসিনা ভারতের পুতুল। তাকে ভারত যেভাবে নাচায় সেভাবেই নাচে।
শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত মৌলভীবাজার সদর উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি। জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রবাসী বিএনপি নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী।
এতে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, মোশাররফ হোসেন বাদশা, এম এ মুকিত, আশিক মোশাররফ, মোহাম্মদ হেলু মিয়াসহ আরো অনেকে।