সাবেক বিমান প্রতিমন্ত্রীর জামিন স্থগিত চেয়ে আবেদন

 

রাজধানীর মিরপুর থানার সিয়াম হত্যা মামলায় সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে শুনানি হবে।

বুধবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহিরুল ইসলাম সুমন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল মঙ্গলবার সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে জামিন দেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

তার আগে, রাজধানীর মিরপুর থানার সিয়াম হত্যা মামলায় সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী হাইকোর্টে জামিন আবেদন করেন।

গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচা থেকে মাহবুব আলীকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, ভিকটিম সিয়াম সরদার (১৭) রাজধানীর মিরপুরের একটি হোটেলে চাকরি করতেন। গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ডিউটি শেষে বাসায় যাওয়ার পথে মিরপুর-১০ নম্বরে গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর তার বাবা সোহাগ সরদার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১১৪ জনকে আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *