রাজধানীতে আবাসিক হোটেলে মিলল যুবকের মরদেহ

 

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আরাফাত ইসলাম (২৩)। তার বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার যাদুচর গ্রামে। তার বাবার নাম জয়নাল মুন্সী। রাজধানীর খিলগাঁও দক্ষিণ গোড়ান ছাপড়া মসজিদ সংলগ্ন বাসায় থাকতেন তিনি।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে চৌধুরী পাড়ার হোটেল আর ইসলাম (আবাসিক) থেকে তার মরদেহ উদ্ধার করে রামপুরা থানা পুলিশ।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ভোরে ওই আবাসিক হোটেলের পঞ্চম তলার ৪১১ নম্বর রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। পরে দেখা যায় রডের এঙ্গেলের সঙ্গে বিছানার চাদরের টুকরো পেঁচিয়ে ফাঁস লাগানো ওই যুবকের মরদেহ ঝুলছে। তখন সেখান থেকে মরদেহ নামিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি জানান, আরাফাত ইসলাম প্রবাসী ছিলেন। তবে দেশে আসার পর বর্তমানে বেকার ছিলেন। একদিন আগে ওই যুবক আবাসিক হোটেলের ওই রুমে ভাড়া উঠেছিলেন। প্রাথমিক অনুসন্ধানে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কারণ জানার জন্য তদন্ত চলছে।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *