বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ায় দায়িত্ব পালন করা একজন সহ-সমন্বয়কের বাড়ির দেয়ালে লিখনের মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর থানার এস আই মিজানুর রহমান। তিনি বলেন, আমরা খবর পেয়ে আহসান হাবিবের বাড়িতে আসি এবং ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ লেখাটি দেখতে পাই।
হুমকি পাওয়া সহ-সমন্বয়কের নাম আহসান হাবিব (২৪)। তিনি সদরের নিশিন্দারা ইউনিয়নের নওদাপাড়া গ্রামের গফুর প্রামাণিকের ছেলে। চার ভায়ের মধ্যে তিনি ছোট ছেলে। আহসান হাবিব সরকারি আজিজুল হক কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং বগুড়া জেলার সহ-সমন্বয়ক।
সহ-সমন্বয়ক আহসান হাবিব বলেন, ‘সোমবার (২৩ ডিসেম্বর) রাতের কোন এক সময় আমার ঘরের দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ এমন লেখাটি দেখতে পেয়ে আমার ভাবি আমাকে জানান। বিষয়টি নিয়ে আমি ও আমার পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘বর্তমান ছাত্র সমাজকে ধ্বংস করার জন্য বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরা পায়তারা চালাচ্ছে। আমি নিজেও একজন ছাত্র। আজ আমাকে হুমকি দিয়েছে কাল আমার অন্য ভাইকেও হুমকি দিতে পারে। আমি এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।’
আহসান হাবিবের বড় ভাই শাহাদত হোসেন বলেন, ‘আমার ছোট ভাই ছাত্র আন্দোলনের সময় সক্রিয় ছিল। সে বিভিন্ন এলাকায় সরকার পতনের আন্দোলনে অংশগ্রহণ করেছে। মূলত সেই পরিপ্রেক্ষিতেই স্বৈরাচারী সরকারের দোসররা পরিকল্পিতভাবে এমন কাজটি করেছে।’
প্রতিবেশী হালিমা বেগম বলেন, ‘আমার গেটের সাথেই আহসান হাবিবের ঘর। এই বিষয় নিয়ে খুবই আতঙ্কে আছে এলাকাবাসী।’
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) সুমন রঞ্জন সরকার জানান, ‘বিষয়টি জানার পর জেলা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পুলিশ মাঠে কাজ করছে।’
দৈনিক বিডি নিউজ / সাইফুল