পি কে হালদারের ৫ সহযোগীর ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

 

আলোচিত প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের স্বার্থ-সংশ্লিষ্ট পাঁচ ব্যক্তির ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া।

দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

যাদের ব্যাংকের হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছেন তারা হলেন— অমল কৃষ্ণ দাস, মাহফুজা রহমান বেবী, মো. সিদ্দিকুর রহমান, ইনসান আলী শেখ ও হাফিজা রহমান।

তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম। শুনানি শেষে এই আবেদন মঞ্জুর করেন আদালত।

আবেদনে বলা হয়, রিলায়েন্স ফাইন্যান্স এবং সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ সংক্রান্ত অভিযোগ দুদকে অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগকারীরা অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত মর্মে প্রাথমিক অনুসন্ধানকালে প্রতীয়মান হয়। ইন্টারন্যাশনাল লিজিং ও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিডেট কর্তৃক ‘সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এবং ‘সিমটেক্স টেক্সটাইল লিমিটেডের নামে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ১২১.৩০ কোটি টাকা ঋণ মঞ্জুর করে অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিং করা হয়েছে।

উল্লিখিত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবগুলো দ্রুত অবরুদ্ধ করা না হলে পরবর্তী সময়ে উল্লিখিত হিসাবে জমা করা অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *