দায়িত্ব পালন শেষে সম্মানের সঙ্গে বিদায় নিতে চাই : আইজিপি

অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে সম্মানের সঙ্গে বিদায় নিতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।আজ শনিবার বিকালে রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে সাবেক আইজিপি ড. এম এনামুল হকের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আ পোর্ট্রেট ইন রিফ্লেকশনস’ বইয়ের প্রকাশনা উৎসবে বক্তৃতায় তিনি এ কথা জানান।

আইজিপি বাহারুল আলম বলেন, ‘একটা কঠিন দায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছে। সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে সম্মানের সঙ্গে বিদায় নিতে চাই।’

ড. এম এনামুল হকের আত্মজীবনী নিয়ে তিনি বলেন, ‘বইটিতে এনামুল হক স্যার তার কর্মজীবনের নানা স্মৃতি এঁকেছেন। তিনি অনেক সাফল্যের কথা বলেছেন, দুঃখের কথা বলেছেন। বইটি পড়লে আমরা উপকৃত হব।’

প্রকাশনা উৎসবে সাবেক আইজিপি ড. এম এনামুল হক বলেন, ‘সত্য কথা বলার চেয়ে বড় কাজ কিছু নেই।’ সবাইকে পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বইটিতে আমার পরিবার, চাকরি জীবনের নানা ঘটনা এবং দেশ-বিদেশের বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়েছে।’

আইজিপি বাহারুল আলমে সভাপতিত্বে ড. এম এনামুল হকের সহকর্মী ও পরিবারের সদস্য, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *