স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সংঘর্ষে যারা নিহত হয়েছেন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। তাদের সুচিকিৎসার জন্য কোনো ব্যবস্থা নিতে হলে অবশ্যই নেব। দুইপক্ষের মধ্যে আলোচনা হচ্ছে। তারা যদি আলোচনা করে সমাধানে আসতে পারেন…। ইজতেমার যে দুটি তারিখ ছিল সে দুটি আছে। তারা আলোচনা করুক। তারপর আমরা একটা সিদ্ধান্ত নেব।’
এর আগে আজ বেলা ১১টার দিকে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিয়ে প্রথমে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টা। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সভাপতিত্ব করেন। পরে মাওলানা জুবায়েরের অনুসারীদের সঙ্গে বৈঠক করেন তারা।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখল ও জোড় ইজতেমাকে কেন্দ্র করে যোবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। নিহতরা হলেন আমিনুল ইসলাম বাচ্চু (৫৫), বেল্লাল হোসেন (৬০) ও তাইজুল ইসলাম (৭০)।
দৈনিক বিডি নিউজ / সাইফুল