ওয়াসার সেই তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

 

নিয়োগ দুর্নীতির অভিযোগে ঢাকা ওয়াসার পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান ও আলোচিত সাবেক এমডি প্রকৌশলী তাকসিম এ খানসহ বোর্ডের ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের ঢাকা-১ অফিসের উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে ঢাকা ওয়াসার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সদস্যরা পরস্পর যোগসাজশ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্গানোগ্রাম বহির্ভূত ও ঢাকা ওয়াসায় বৈধ কোনো পদ সৃষ্টি না করে এবং নিয়োগ সংক্রান্ত নীতিমালা ও প্রচলিত বিধি-বিধান অনুসরণ না করে নিজেদের পছন্দের দুজন ব্যক্তিকে নিয়োগ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এক ব্রিফিংয়ে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন।

এজাহারে উল্লেখ করা আসামিরা হলেন, ঢাকা ওয়াসা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক প্রকৌশলী ড. মো. হাবিবুর রহমান, বোর্ড সদস্য অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব (বাজেট-২) সুধাংশু শেখর বিশ্বাস, দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশের সাবেক ভাইস প্রেসিডেন্ট মু. মাহমুদ হোসেন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সাবেক সভাপতি প্রকৌশলী এ কে এম এ হামিদ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হাসিবুর রহমান মানিক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলেয়া সারোয়ার ডেইজী, ঢাকা ওয়াসার এমডি প্রকৌশলী তাকসিম এ খান, সাবেক পরিচালক (উন্নয়ন) আবুল কাশেম ও সাবেক পরিচালক (কারিগরি) এ কে এম সহিদ উদ্দিন।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *