‘আমরা আদৌ দুর্নীতিমুক্ত কিনা তা প্রকাশ্যে থাকা উচিত’

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ বলেছেন, ‘আমরা সম্পদ বিবরণী জমা দেব, আমরা আদৌ দুর্নীতিমুক্ত কিনা তা প্রকাশ্যে থাকা উচিত।’

রবিবার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

দুদক কমিশনার বলেন, ‘আমিও সম্পদ বিবরণী জমা দিতে রাজি। আজ যেহেতু আমি যোগদান করেছি। আমরা আদৌ দুর্নীতিমুক্ত কিনা তা প্রকাশ্যে থাকা উচিত। আমাদের এখন কী সম্পদ আছে, আর আমরা যখন এ কমিশন ছেড়ে চলে যাব, তখন আমাদের কী সম্পদ হয় তা দেশবাসীর জানা উচিত।’

এর আগে, ১১ ডিসেম্বর সাত দিনের মধ্যে সম্পদের হিসাব জমা দেবেন বলে জানিয়েছিলেন নতুন দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন। তখন তার সঙ্গে কমিশনার ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ছিলেন। ওইদিন হাফিজ আহ্সান ফরিদ বিদেশে অবস্থান করায় তিনি যোগদান করেননি।

গত ১০ ডিসেম্বর ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একইসঙ্গে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *