আইএসইউর ফল-২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)–এর মহাখালী ক্যাম্পাসে গত বৃহস্পতিবার সকালে ফল-২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আইএসইউর উপাচার্য আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ কে এম মোশাররফ হুসাইন।
এ কে এম মোশাররফ হুসাইন বলেন, দেশের উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই, তাই শিক্ষা অর্জন করে দেশের প্রতি দায়িত্ব পালন করতে হবে। নবীন শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষকদের যেমন যথাযথ দায়িত্ব পালন করতে হবে, তেমনি শিক্ষার্থীদেরকে সময়ের সদ্ব্যবহারও নিশ্চিত করতে হবে।
আব্দুল আউয়াল খান বলেন, নিজের জীবন গড়ার এখনই উপযুক্ত সময়। উন্নত ক্যারিয়ার গঠনে অবশ্যই শিক্ষাজীবনে যেমন পড়াশোনা করতে হবে, তেমনি ভালো মানুষ হয়েও গড়ে উঠতে হবে। শিক্ষক-শিক্ষার্থী সবাইকে নিয়মানুবর্তিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে হবে। ছাত্রছাত্রীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধিতে আইএসইউর যথাযথ উদ্যোগের কথা তুলে ধরে উপাচার্য বলেন, আধুনিক ক্লাসরুম, ল্যাব, মানসম্মত শিক্ষক, তাত্ত্বিক, ব্যবহারিক ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি ও রক্ষা করার জন্য আইএসইউ বদ্ধপরিকর।