অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়েছে বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের এক প্রতিনিধিদল। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় তারা এ সমর্থন জানায়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের মিশনপ্রধান ট্রেসি অ্যান জ্যাকবসন।
এ সময় প্রধান উপদেষ্টা মিয়ানমার সরকারের ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে রাখাইনে প্রত্যাবাসনের উপযুক্ত হিসেবে স্বীকৃতি দেওয়ার সাম্প্রতিক সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, দ্বিপক্ষীয় সব বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যেতে আন্তরিকভাবে আগ্রহী অন্তর্বর্তী সরকার। তিনি রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের পুনরায় সহায়তা চালু করা এবং পারস্পরিক শুল্ক ৯০ দিন স্থগিতের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমরা তার বাণিজ্যনীতি বাস্তবায়নে সমর্থন দিতে কাজ করে যাচ্ছি।’
দৈনিক বিডি নিউজ / সাইফুল