‘ইন্ডিয়ান আইডল’-এ ঢাকার জাহিদ অন্তু

ভারতের জনপ্রিয় সংগীত রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’র নতুন সিজন শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যেই দেশটির বিভিন্ন রাজ্যে চলছে এর বাছাই পর্বের অডিশন। আর সেখানে অংশ নিলেন ঢাকার জাহিদ অন্তু। গেল ১৮ জুলাই কলকাতার মহাত্মা গান্ধী রোডের পিবি একাডেমিক স্কুল ভেন্যুতে বাছাই পর্বে অডিশন দিয়েছেন তিনি।

জাহিদ অন্তু জানান, ইন্ডিয়ান আইডলে অংশ নিতে কলকাতা যাননি। গিয়েছিলেন ব্যক্তিগত কাজে। পরে জানতে পারেন সেখানে এর অডিশন হচ্ছে।

তার কথায়, ‘আমি জানতাম, “ইন্ডিয়ান আইডল”র প্রতিযোগিতায় ইন্ডিয়ার বাইরে থেকে কেউ অংশ নিতে পারে না। কিন্তু এই প্রতিযোগিতার একজন বলেছিল, আসো, ট্রাই করে দেখো। পরবর্তীতে পাসপোর্ট দেখিয়ে যাবতীয় নিয়মকানুন মেনে অডিশন দেই।’

তিনি আরও বলেন, ‘তিন দফা গাইতে হয়েছে আমাকে। মিউজিক ছাড়া, গিটার বাজিয়ে এবং পরে মিউজিকের সঙ্গে আর সবগুলো ছিল হিন্দি গান। আমার পারফর্মে বিচারকরা খুশি ছিলেন। ওখানে যারা ছিলেন সবাই একবাক্যে বলেন, আমি মোস্ট ডির্জাভিং। ভাগ্য ভালো হলে, আগামি সপ্তাহের মধ্যে সেখান থেকে কল পাবো। তারা আমার ফোন নাম্বার ও যোগাযোগের ঠিকানা রেখে দিয়েছে। যদি সুযোগ পাই তাহলে সরাসরি মুম্বাই যেতে হবে।’

সনি লাইভ এর ওয়েবসাইটে ইন্ডিয়ান আইডলে অংশগ্রহণের জন্য যে শর্তাবলী দেওয়া আছে, সেখানে বলা হয়েছে ভারতীয় নাগরিকত্ব না থাকলে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন না। ফলে অন্তুর অংশগ্রহণ নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে।

জাহিদ অন্তু জানান, যদি নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা না হয়, তবে ‘ইন্ডিয়ান আইডল’র মঞ্চে তার গান গাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে। তার কথায়, ‘পারফর্ম শেষ করে বেরিয়ে যাওয়ার সময় আমাকে ডেকে আবার তিনটি গান শুনেছে। যে সেটে দাঁড়িয়ে গেয়েছি, সেখান থেকে শুনেছি আমি হয়তো নেক্সট রাউন্ডে সুযোগ পাবো। কারণ, যারা নেক্সট রাউন্ডে যাচ্ছে তাদের এবং আমার পারফর্মের পর এনভায়রনমেন্ট একই ছিল।’

উল্লেখ্য, বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেল আয়োজিত গানের রিয়্যালিটি শো ‘ইয়াংস্টার সিজন ২’র চ্যাম্পিয়ন হয়েছেন জাহিদ অন্তু। কাভার গান গেয়ে পরিচিতি পেলেও তার একাধিক মৌলিক গান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *