রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌর বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়া (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার চন্ডিতলা মন্দির সংলগ্ন পৌর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পাভেল মিয়া কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে এবং কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কাঞ্চন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় পাভেল দু’পক্ষের সংঘর্ষ থামাতে গেলে পূর্ব শত্রুতার জেরে তার উপরও হামলা করে বায়েজিদ গ্রুপের লোকজন। তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়।

আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। এদিকে, পাভেলের নিহতের খবর ছড়িয়ে পড়লে রাতেই বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত বায়েজিদের বাড়িতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, মরদেহের প্রাথমিক সুরতাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *