রংপুরে তথ্যমেলায় মুজিব বর্ষের লিফলেট, ব্যাখ্যা চাইলের ডিসি

 

রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে দুই দিনব্যাপী তথ্য মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)। বিকেলে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। 

 

এদিকে রংপুরে তথ্য মেলায় সরকারি চারটি দপ্তরের স্টলে মুজিব বর্ষের লিফলেট ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সংবলিত লিফলেট বিতরণ করা হয়। এসব লিফলেট নিয়ে তোলপাড় শুরু হলে রবিবার সন্ধ্যায় মেলায় এসে ক্ষোভ প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। পরে স্টল থেকে এসব লিফলেট সরিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে লিখিত ব্যাখ্যা চান জেলা প্রশাসক।

জানা গেছে, তথ্য মেলায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি, জেলা মৎস্য দপ্তর, জেলা সঞ্চয় অফিস ও পরিবার পরিকল্পনা বিভাগের স্টলে মুজিব বর্ষের লিফলেট ও শেখ হাসিনার বক্তব্য সংবলিত লিফলেট রাখা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকার বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের বাণী প্রচার করে জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

পীরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার আলী বলেন, ভুলবশত এসব লিফলেট আনা হয়েছে।

রংপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা এনামুল হক বলেন, বিষয়টি জানার পর আমরা সরিয়ে ফেলেছি।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল সাংবাদিকদের জানান, তিনি জানার পর সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ডেকে লিখিত ব্যাখ্যা দিতে বলেছেন। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেলায় রংপুর বিভাগের ৩৩টি সরকারি দপ্তর ও দুটি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *