বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন মাদারীপুরের ২০ নারী

 

‘শুভ কাজে সবার পাশে’ বসুন্ধরা শুভসংঘের এই স্লোগানকে সামনে রেখে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার জন্য মাদারীপুরের ২০ নারীকে দেওয়া হয়েছে সেলাই মেশিন ও প্রশিক্ষণ। ৫ মাস সেলাই প্রশিক্ষণ শেষে তাদের দেওয়া হয় এসব সেলাই মেশিন।

শুক্রবার বেলা ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে অসচ্ছল নারীদের মাঝে ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র জিএম (হিসাব) শহিদুর রহমান শাহীন। উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, সদর উপজেলা জামায়াতের আমির হুমায়ুন কবির ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ডা. সোহেল প্রমুখ।

মাদারীপুরের সুমি আক্তার বলেন, তার স্বামীর উপার্জনে সংসার ঠিকমতো চলে না। সন্তানদের নিয়ে কষ্টে তাদের দিন কাটে। তাই বসুন্ধরা শুভসংঘ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে নাম লিখিয়ে পোশাক তৈরি করা শিখেছেন। এখন আশা করছেন এই সেলাই মেশিন দিয়ে পোশাক তৈরি করে উপার্জন করতে সক্ষম হবেন। একই কথা উপকারভোগী অন্য নারীদের। তারা বলেন, এই ভালো কাজের জন্য আমরা বসুন্ধরা গ্রুপের কাছে ঋণী।

মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান বলেন, আর্থিক অসচ্ছল এসব নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন দিয়েছে বসুন্ধরা গ্রুপ। তাদের ধন্যবাদ। দেশে আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছে বসুন্ধরা গ্রুপ। আমরা তাদের ধন্যবাদ জানাই।

মাদারীপুর সদর উপজেলা জামায়াতের আমির হুমায়ুন কবির বলেন, অসহায় এসব নারীরা প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন পেয়েছে। তারা এই মেশিনের মাধ্যমে কাপড় সেলাই করে যা উপার্জন করবেন, সেটি কিছুটা হলেও সংসারের চাহিদা মেটাতে সহায়ক হবে।

বসুন্ধরা গ্রুপের সিনিয়র জিএম (হিসাব) শহিদুর রহমান শাহীন বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই অসচ্ছল নারীদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছে বসুন্ধরা গ্রুপ। আগামীতে এমন কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *