সমুদ্র উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়ায় ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃহস্পতিবার সকাল ৯টায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। হঠাৎ করে ঠাণ্ডা বেড়ে যাওয়ায় গভীর সাগরে অবস্থানরত জেলেরা পড়েছে চরম বেকায়দায়। একই সাথে ভোগান্তি পোহাচ্ছেন চরাঞ্চলে বসবাসকারীরা। এছাড়া উপজেলার বাজারগুলোতে কমে গেছে মানুষের আনাগোনা। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউ।
খোঁজ নিয়ে জানা গেছে, ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যাও বেড়ছে উপজেলা হাসপাতালে। বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও সেবিকারা। হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে বেশিরভাগই শিশু ও বয়স্ক। আবার অনেকে হাসপাতালের বহিঃবিভাগে চিকিৎসা নিচ্ছেন। তবে চিকিৎসকরা বলছেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান সাংবাদিকদের জানান, চলতি মাস জুড়ে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। সেই সঙ্গে ঘন কুয়াশা এবং হিম বাতাস বিরাজ করতে পারে।