নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু

 

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত কলেজ শিক্ষার্থী সীমান্ত (২০) মারা গেছেন। 

শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিশ্চিত করেছেন জেলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন আহমেদ।

সীমান্ত শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা হাজী আলমের ছেলে। তিনি রাজধানীর একটি বেসরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের স্বজনরা ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ছয়টার দিকে কলেজের উদ্দেশ্য যাওয়ার সময় দেওভোগের মিন্নত আলী মাজারের সামনে একদল ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে।

সীমান্তর বাবা হাজী আলম জানান, বৃহস্পতিবার ভোরে কলেজে যাবার সময় মিন্নত আলী মাজারের সামনে ছিনতাইকারীরা পথরোধ করে সীমান্তর ব্যাগ, মোবাইল টানাটানি করে। এসময় তাদের বাধা দিতে গেলে তারা মাথা, পেটে ও পায়ে কুপিয়ে তাকে আহত করে। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

নিহতের মামা আক্তারুজ্জামান জানান, শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় সীমান্ত মারা যায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাইনি। আহত শিক্ষার্থীর বাবার সঙ্গে ইতোপূর্বে কথা হয়েছে। তিনি থানায় এসে অভিযোগ দিবেন বলে জানিয়েছিলেন। এ বিষয়ে আমরা ইতোমধ্যে তদন্ত করছি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে আমাদের অভিযান চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *