দুর্নীতির অভিযোগ রায়পুরে ইউএনও’র অপসারণের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মানববন্ধন

 

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এমরান খানকে ঘিরে দু’পক্ষের পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচি পালন করতে দেখা গেছে। রবিবার (১৫ ডিসেম্বর) সকালে রায়পুর উপজেলা সাধারণ জনগণের ব্যানারে নানা দুর্নীতির অভিযোগ তুলে ইউএনও’র অপসারণ দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, যোগদানের পর থেকেই উপজেলার আওয়ামীপন্থি একটি চক্রের সাথে যোগসাজশে প্রভাব বিস্তার শুরু করেন ইউএনও মো. এমরান। স্থানীয় হাট-বাজারের ইজারা এবং সরকারি প্রতিষ্ঠানের প্রায় সকল জায়গা থেকেই মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার পাশাপাশি সিটিজেন চার্টার অনুযায়ী জনগণের প্রত্যাশিত সেবা দিতে গিয়ে দুর্ব্যবহার করাসহ হয়রানি করছেন এ কর্মকর্তা। এ ‘দুর্নীতিবাজ ইউএনও’র বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে উপজেলা প্রশাসন ঘেরাও করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা।

এদিকে বিকেলে ইউএনও’র পক্ষে রায়পুর উপজেলা সাধারণ ছাত্র জনতার ব্যানার নিয়ে একই স্থানে পাল্টা মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ‘স্থানীয় দুর্নীতিবাজ চেয়ারম্যান ও মেম্বারদের অবৈধ সুযোগ সুবিধা না দেওয়ায় তাদের প্ররোচনায় একটি চক্র ইউএনও’র বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছেন। তাদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

এ ব্যাপারে জানতে চাইলে রায়পুর উপজেল নির্বাহী অফিসার মো. এমরান খান বলেন, ‘দলীয় যেসব চেয়ারম্যান রয়েছে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার জন্য একটি বিশেষ গোষ্ঠি চাপ দিয়ে আসছিল। এখন যাদের বিরুদ্ধে মামলা হয়েছে বা যারা এলাকাতে নেই তাদের পরিবর্তে দুটি ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। অন্য ইউনিয়নগুলোতে বিশেষ করে ৬-৭ ও ১০ নং ইউনিয়নে তো এ ধরণের কোন ঘটনা ঘটেনি। তাই তারা দায়িত্ব পালন করছেন। তাছাড়া আমি এ উপজেলাতে এসেছি, এপ্রিলের আগেই বাজার ইজারাসহ অন্যান্য বরাদ্ধ হয়েছে। একটি গোষ্ঠি নিজেদের স্বার্থ হাসিলের জন্য অহেতুক আমার বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ নানা বিষয়ে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলছে।’

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *