হারানো, চুরি কিংবা ছিনতাই হয়ে যাওয়া মোবাইল, ভুল করে অন্য নম্বরে চলে যাওয়া বিকাশের টাকা উদ্ধার করে দিল আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাইবার ক্রাইম সেল।
আজ বুধবার বিকালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন-২ এর সাইবার ক্রাইম সেল আনুষ্ঠানিকভাবে এসব হারানো মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা ফেরত দেন গ্রাহকদের কাছে।
আর্মড পুলিশের অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান ভুক্তভোগীদের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন। দেশের বিভিন্ন এলাকার ১০১ জনের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দেন। পাশাপাশি বিকাশে প্রতারণার শিকার ৩ জনকে ৩৮ হাজার টাকা, ৫টি হ্যাক হওয়া ফেসবুক আইডি এবং ১টি টেলিগ্রাম আইডি উদ্ধার করে ফেরত দেয়া হয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন-২ এর অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান জানান, মুক্তাগাছা ও বান্দরবনে আমাদের দুটি সাইবার ক্রাইম সেল রয়েছে। দেশের যে কোন জেলা বা উপজেলায় যদি কারও মোবাইল চুরি বা হারানো যায় সেগুলো উদ্ধার করবে আর্মড পুলিশ ব্যাটালিয়ান সাইবার ক্রাইম সেল। এছাড়াও বিকাশে প্রতারণার বিষয়েও পদক্ষেপ ও ফেসবুক হ্যাক হলেও ব্যবস্থা নেয়া হবে। আর্মড পুলিশ ব্যাটালিয়ান-২ এর ফেসবুক পেজ, ইমেইল অথবা সশরীরে গিয়ে এসব বিষয়ে প্রতিকার চাইতে পারবেন ভুক্তভোগীরা।
দৈনিক বিডি নিউজ / সাইফুল