এস আলম গ্রুপের ৯ কারখানা বন্ধ ঘোষণা

 

চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের নয়টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এসব প্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার শ্রমিক কর্মরত বলে জানা গেছে। সবগুলো কারখানাই চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণে অবস্থিত। কাঁচামাল সংকটের কারণে এসব কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন গ্রুপের ডেপুটি ম্যানেজার। গতকাল সকালে গ্রুপটির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রথমে দুটি কারখানা  বন্ধের বিষয়টি জানান। এতে বলা হয়, ‘এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেড ও এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের সব শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্যকারণবশত আগামী ২৫ ডিসেম্বও থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। তবে নিরাপত্তা বিভাগ, ডেলিভারি সেকশন ও জরুরি বিভাগ (ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক) খোলা থাকবে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে।’

প্রতিষ্ঠান দুটি হলো এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেড ও এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড। প্রতিষ্ঠান দুটি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগরে অবস্থিত। পরে এস আলম কোল্ড রোল, এস আলম কোল্ড রোল (নফ), এস আলম পাওয়ার জেনারেশন, ইনফিনিটি পিআর স্ট্রিপস, চেমন ইস্পাত, এস আলম স্টিলস ও এস আলম ব্যাগ বন্ধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে এস আলম গ্রুপের ডেপুটি ম্যানেজার আশীষ কুমার নাথ বলেন, কাঁচামাল আমদানি ব্যাহত হওয়া এবং ব্যাংকের সহযোগিতা না পাওয়ায় ৯টি কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। তবে কোনো শ্রমিককে ছাঁটাই করা হচ্ছে না। তারা বেতন পাবেন। তিনি জানান, বন্ধ ঘোষিত মূল কারখানা মূলত ৬টি। কয়েকটি কারখানার একাধিক ইউনিট রয়েছে। এই হিসেবে মোট কারখানার সংখ্যা দাঁড়াচ্ছে ৯টি।

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *