পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

 

জয়পুরহাটের কালাই উপজেলা একটি গ্রামে সাদাপোশাকে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে ঘর তল্লাশি করার নামে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে মাত্রাই ইউনিয়নের ভেরেন্ডি গ্রামের জাকারিয়া ওরফে বাবু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে কালাই থানার পুলিশের একটি দল বিকেলে ঘটনাস্থলে পৌঁছেছে।

গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জাকারিয়া বুধবার বেলা দেড়টার দিকে বাড়িতে ছিলেন। পাশের গ্রামের পরিচিত এক ব্যক্তিসহ দুটি মোটরসাইকেলে করে চারজন জাকারিয়ার বাড়ির ফটকের কাছে আসেন। অপরিচিত ওই ব্যক্তিরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে জাকারিয়ার বাড়ির ভেতরে ঢোকেন। তাঁদের কাছে হাতকড়া ও রিভলবার ছিল। জাকারিয়ার ঘরে মাদক আছে বলে তাঁরা তল্লাশি করতে চান। এ সময় তাঁরা জাকারিয়ার ও তাঁর পরিবারের লোকজনকে ভয়ভীতি দেখিয়ে সবাইকে বাড়ির ভেতর এক জায়গায় দাঁড় করিয়ে রাখেন। সেখানে একজন তাঁদের পাহারা দিচ্ছিলেন। ২০-২৫ মিনিট পর তাঁরা ঘর থেকে বেরিয়ে দ্রুত পালিয়ে যান। জাকারিয়া ও তাঁর পরিবারের লোকজন ঘরে ঢুকে আলমারির ড্রয়ার খোলা দেখতে পান। ড্রয়ারের ভেতরে টাকা ও স্বর্ণালংকার নেই। এরপর তাঁরা পুলিশে খবর দেন।

জাকারিয়া ওরফে বাবু মিয়া বলেন, ‘আমার বাবা মাদকাসক্ত, এটা গ্রামবাসী সবাই কমবেশি জানেন। এ কারণে আগেও ২-৩ বার আমাদের বাড়িতে পুলিশ বাড়িতে এসেছিল। আজ দুপুরে সাদাপোশাকে পুলিশ পরিচয় দিয়ে একদল ব্যক্তি আমাদের বাড়িতে ঢোকেন। তাঁদের হাতে হ্যান্ডকাপ ও রিভলবার ছিল। তাঁরা আমাদের বাড়ির এক জায়গায় সবাইকে দাঁড় করিয়ে রেখে ঘর তল্লাশি করতে ঢোকেন। তাঁরা ঘর তল্লাশি করে দ্রুত চলে যান। আমরা ঘরে গিয়ে দেখি, আলমারির ড্রয়ার খোলা। ড্রয়ারে রাখা ৮০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার নেই। তাঁরা যে পুলিশ নন, তাঁদের দেখে সেটি ভাবার কোনো উপায় নেই।’ তিনি আরও বলেন, ‘বাইরে একটি দোকানে সিসিটিভি ক্যামেরা আছে। সেখানে তাঁদের ছবি দেখা যাচ্ছে। পুলিশ তদন্ত করলে তাঁদের শনাক্ত করতে পারবে বলে আশা করছি।’

জাকারিয়ার স্ত্রী জেসমিন আক্তার বলেন, ‘ওই ব্যক্তিরা পুলিশ পরিচয় দিয়ে আমাদের ভয়ভীতি দেখিয়েছেন। তাঁরা যতক্ষণ বাড়িতে ছিলেন, ততক্ষণ আমরা কেউ ভয়ে কথা বলতে পারিনি।’

মাত্রাই ইউপি সদস্য জিয়াউর রহমান বাদশা বলেন, ‘আমাদের গ্রামের জাকারিয়া বাবুর বাড়িতে দুপুরবেলায় সাদাপোশাকের পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন তল্লাশির নাম করে ঘরে ঢুকে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে। পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তিদের সঙ্গে পাশের গ্রামের এক ব্যক্তিও ছিলেন বলে জেনেছি।’

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বিকেল ৫টার দিকে প্রথম আলোকে বলেন, ঘটনাটি জানতে পেরে পুলিশ পাঠানো হয়েছে। কারা কীভাবে ঘটনা ঘটাল, তা এখনো বিস্তারিত জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *