এবারই সাত কলেজে স্বতন্ত্র কাঠামোতে ভর্তি পরীক্ষার দাবি

 

ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা অর্ধেকের বেশি কমানো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নতুন করে ভর্তি পরীক্ষা আয়োজন করা হলে আবারও রাজপথে আন্দোলনের ঘোঘণা দিয়েছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে আগামী একমাসের মধ্যে সাত কলেজের সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রজ্ঞাপন জারি করে তার অধীনে ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয়েছে।

শনিবার দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে একথা বলেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের মুখপাত্র আব্দুর রহমান।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আমাদের দীর্ঘদিনের শোষণ ও বঞ্চনার অবসান ঘটতে যাচ্ছে। সরকার সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথকীকরণ এবং কলেজগুলোর জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়নের জন্য একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। তবে দীর্ঘ ৪ মাস সময় দেওয়া অতিরঞ্জিত বলে মনে করি।’

আব্দুর রহমান বলেন, ‌‘বিশেষজ্ঞ কমিটিকে ৩০ কার্যদিবস অর্থাৎ ১ মাসের মধ্যে সাত কলেজের সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রজ্ঞাপন জাতির সামনে প্রকাশ করতে হবে। পাশাপাশি ২০২৪-২৫ সেশনে সাত কলেজের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত অবস্থায় নেওয়া যাবে না।’

তিনি বলেন, ‘স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা ছাড়া সাত কলেজের শিক্ষার্থীরা নতুন কোনো সেশনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় ভর্তি পরীক্ষা নিতে দেবে না। এখন যে বিশেষজ্ঞ কমিটি গঠিত হয়েছে, এ কমিটির সদিচ্ছা থাকলে আগামী একমাসের মধ্যে একটি নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা জাতির সামনে তুলে ধরা এবং ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা সম্ভব।’

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *