গাইবান্ধায় জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার স্টেডিয়াম মাঠে এসে শেষ হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেদায়তুল ইসলামের সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আমির মো. আব্দুল করিম সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শহীদ, প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় শফিকুল ইসলাম রুবেল ও সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম রনি।
টুর্নামেন্টে জেলার আটটি দল অংশ গ্রহণ করবে। দলগুলো হচ্ছে, গাইবান্ধা সদর উপজেলা, সুন্দরগঞ্জ উপজেলা, সাদুল্লাপুর উপজেলা, পলাশবাড়ী উপজেলা, গোবিন্দগঞ্জ উপজেলা, সাঘাটা উপজেলা, ফুলছড়ি উপজেলা ও গাইবান্ধা পৌরসভা।
আগামী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এ টুর্নামেন্টের খেলা শুরু হবে। প্রথম খেলা ওইদিন সকাল ৯ টায় গাইবান্ধা সদর বনাম ফুলছড়ি উপজেলা এবং দ্বিতীয় খেলা দুপুর ২ টায় পলাশবাড়ী উপজেলা বনাম সুন্দরগঞ্জ উপজেলা দল মুখোমুখি হবে।
দৈনিক বিডি নিউজ / সাইফুল