বার্লিনে ভারতীয় হাইকমিশনের সামনে জার্মান বিএনপির বিক্ষোভ

ভারতের বাংলাদেশবিরোধী নানামুখী ষড়যন্ত্র ও প্রতিবেশী দেশের গণমাধ্যম-সামাজিক প্ল্যাটফর্মে মিথ্যা ও অসত্য খবর প্রচার এবং আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি বিনষ্টের প্রতিবাদে জার্মানির বার্লিনের ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জার্মান বিএনপি ও এর  অঙ্গসংগঠন।

সোমবার সকালে মহান বিজয় দিবসের দিনে ভারতবিরোধী বিক্ষোভের নেতৃত্ব দেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া। এসময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল গনি সরকার, সহ-সভাপতি কাজী রেজাউল হক সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান, বার্লিন বিএনপির সভাপতি জসিম সিকদার প্রমুখ।

তারা বলেন, ভারতের বাংলাদেশ বিরোধিতা এমনকি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ভারতের নোংরা ষড়যন্ত্র যে কোন মূল্যে নস্যাৎ করে দেওয়া হবে। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন একান্তই বাংলাদেশের ভারতের দয়ায় নয়।

এসময় প্রতিবাদ সভায় বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বলেন, ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে, এদেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে অথচ ভারত বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত করে যাচ্ছে যা অত্যান্ত নিন্দনীয়।

বিক্ষোভ সমাবেশে অন্যানদের মধ্যে আরও বক্তব্য রাখেন বিএনপির শীর্ষনেতা বাবুল বেপারি, আব্দুল কাদের, নিজাম দোকানদার, গিয়াস উদ্দিন, মাসরুল আলম বাবলী, আনহার মিয়া, মোসলেম উদ্দিন, যুব ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিরা। এসময় ভারত বন্ধু না হয়ে যদি প্রভুর মত আচরণ করে তাহলে তার উচিত জবাব দেওয়া হবে বলেও জানান সমাবেশকারীরা।

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *