ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন শোভাযাত্রার আগেই একটি সুখবর দিতে পারব : ডিএমপি কমিশনার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মূল মোটিফ ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’তে আগুন দিয়ে পোড়ানোর ঘটনায় জড়িতকে শনাক্তে পুলিশ খুবই নিকটে পৌঁছে গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, ঘটনার রহস্য উদঘাটনে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমরা খুব নিকটে পৌঁছে গেছি। আশা করছি আগামীকাল শোভাযাত্রার আগেই একটি সুখবর দিতে পারব।

উল্লেখ্য, ঢাবির চারুকলা অনুষদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিফ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি ফ্যাসিবাদের মুখাকৃতি ও আরেকটি শান্তির পায়রা। গতকাল শনিবার ভোর পৌনে ৫টা থেকে ৫টার মধ্যে দুটি মোটিফে আগুন লাগতে পারে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ।

গত কয়েকদিন ধরেই এ বছরের আনন্দ শোভাযাত্রার উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে প্রধান মোটিফগুলো তৈরির কাজ চলছিল। এ বছরের প্রতিপাদ্য ‘নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এ বছর প্রধান মোটিফগুলোর মধ্যে ফ্যাসিবাদের মুখাকৃতি রাখা হয়েছিল।

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *