বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট হেলাল বলেন, শ্রমিক আল্লাহর বন্ধু। আপনাদের ব্যাপারে আল্লাহ ও তার রাসুলের ঘোষণা যেটা সেটা আর কারও ব্যাপারে বলা হয়নি। ইসলামে মালিক শ্রমিকের ব্যাপারে কোনো পার্থক্য নেই, আইন বিচার ও সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে মালিক শ্রমিকের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু আমরা দেখতে পাই আমাদের সমাজে মালিক শ্রমিকের অধিকার সম্পূর্ণ ভিন্ন। গত বছর সেটা চরম আকার ধারণ করেছিল । শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করেছেন মুহাম্মদ (স.) আজও যদি শ্রমিক অধিকার প্রতিষ্ঠা করতে হয় তাহলে তার আদর্শের দিকেই ফিরে যেতে হবে।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল মহানগরের প্রধান উপদেষ্টা ও মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর বলেন, এ দেশের ছাত্র ও যুবসমাজের জীবনের বিনিময়ে আমরা আজকে টাউন হলে সমাবেশ করছি, আমরা নিহত ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনা করছি। এই দেশে শ্রমিকদের উপরে ভর করে সকলে ক্ষমতায় গিয়ে শ্রমিকদের শোষণ করছে, ইসলাম ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা চাই আগামী ২০২৫ সালের মধ্যে বরিশালের সকল শ্রমিক অঙ্গনে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, বরিশাল মহানগরীর উপদেষ্টা মাওলানা মতিউর রহমান,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমেদ, অঞ্চল সহকারী পরিচালক শ্রমিক নেতা মশিউর রহমান, বরিশাল জেলা সেক্রেটারি সাইফুর রহমান, কোতয়ালী থানা উপদেষ্টা তারিকুল ইসলাম, আনোয়ার হোসাইন, কাউনিয়া থানা মোস্তাফিজুর রহমান ফেডারেশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম, মোয়াজ্জেম হোসেন হাওলাদার সালেহ উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগরীর দ্বি-বার্ষিক সন্মেলন শেষে মিজানুর রহমানকে সভাপতি ও জাফর ইকবালকে সেক্রেটারি একটি কমিটি গঠিত হয়।