স্ট্যাম্পে লাথি মারায় ক্লাসেনকে জরিমানা

 

পাকিস্তানের বিপক্ষে ইনিংসের ৪৩তম ওভারের তৃতীয় বলে শাহীন শাহ আফ্রিদির ফুলার লেংথ ডেলিভারি ছক্কা হাঁকানোর চেষ্টায় ডিপ মিড উইকেটে সাইম আইয়ুবের হাতে সহজ ক্যাচ দিয়েছিলেন হেনরিখ ক্লাসেন। হাতে পড়লেও সেটি লুফে নিতে পারেননি তরুণ সাইম। জীবন পেলেও তা খুব বেশি কাজে লাগেনি ক্লাসেনের।

পরের ওভারে নাসিম শাহর শর্ট লেংথ ডেলিভারিতে জায়গায় দাঁড়িয়ে পুল করতে গেলে সীমানার খুব কাছে দাঁড়িয়ে থাকা ইরফান খানকে ক্যাচ দেন তিনি। এতে ৭৪ বলে ৯৭ রানে থামে তার দুর্দান্ত ইনিংস। শেষ ব্যাটার হিসেবে ক্লাসেন আউট হলে ৩৩০ রান তাড়ায় সাউথ আফ্রিকা অল আউট হয়েছে ২৪৮ রানে।

দ্বিতীয় ওয়ানডেতে পাওয়া ৮১ রানের জয়ে ম্যাচ ও সিরিজ জিতে নেয় সফরকারী পাকিস্তান। নাসিমের বলে পুল করে আউট হওয়ায় রাগে, ক্ষোভে স্ট্যাম্পে লাথি মারেন ক্লাসেন। এমন কাণ্ডের জন্য সাউথ আফ্রিকার উইকেটকিপার ব্যাটারকে শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আচরণবিধির লেভেলে-১ এর ২.২ ধারা ভাঙার অপরাধে ক্লাসেনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সেই সঙ্গে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ডিমেরিট পাওয়ার ঘটনা না থাকায় নিষিদ্ধ হওয়ার শঙ্কায় পড়তে হচ্ছে না তাকে।

ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার ব্যাটারের বিপক্ষে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছিলেন অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ, লুবাবালো কুমা, টিভি আম্পায়ার নীতিন মেনন। অভিযোগ প্রমাণিত হওয়ায় ক্লাসেনকে এই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। ক্লাসেন শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

সাইম ও সালমান আলী আঘার অলরাউন্ড পারফরম্যান্সে প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করে ৩২৯ রানের পুঁজি এনে দিয়েছেন বাবর আজম, অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও কামরান গুলাম। বল হাতে পাকিস্তানের ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করেছেন শাহীন আফ্রিদি, নাসিম ও আবরার আহমেদ।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *